দামুড়হুদায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে দামুড়হুদা উপজেলা যুবদলের আয়োজনে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে বাসস্ট্যান্ড এলাকার হাসিনা মার্কেটে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন সংগঠনের নেতা-কর্মীরা। দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো সংকট ও দুর্যোগে যুবসমাজকে মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শুধু কেক কাটার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করাই মূল লক্ষ্য হওয়া উচিত।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়িঘর, আশপাশের পরিবেশ ও জলাবদ্ধ স্থান পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা শেষে যুবদলের নেতা-কর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং ভবিষ্যতেও সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, উপজেলা যুবদলের সদস্য আমিনুল ইসলাম রশিদ, আরিফুল ইসলাম টুটুল, মমিনুল ইসলাম, আশরাফুল আলম, নূর হাকিম, কলম, মেসবাউল হক সুমন, হুমায়ূন কবির ডাবলু, যুবদল নেতা ইমতিয়াজ, শওকত আলী, রাজীব আহমেদ, আসলাম, টুটুল মাস্টার, রনি, আসাদ, শামীম, কোকো, শিলন, আকরাম, জনি, সজল, মহাসিন, মাহাবুল, মহর, রুহুল, দীপু, নাসির, জাহাঙ্গীর, নয়ন মল্লিক, জানু, সাইদুর, উজ্জ্বল, শরিফুল, খোকন, সাজি, সম্রাট, নাফিজ ও আয়ুব আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতা-কর্মীরা।
প্রতিবেদক দামুড়হুদা