চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় পূর্ববিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আবু রায়হান আবিরের (২৪) অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার্ড করেছেন চিকিৎসক। এ ঘটনায় একই এলাকার ইউনুস নামের এক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের গুলশানপাড়ার গৃহিণী স্টোর (আফিন্দির দোকান) সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত আবু রায়হান আবির ওই এলাকার আবুল বাশারের ছেলে। অপর আহত জাহিদ (৩০) একই এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
আহতদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে ইউনুসের সঙ্গে আবিরের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইউনুস ডেগারজাতীয় ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে আবিরের ওপর হামলা চালান। এ সময় আবিরকে রক্ষা করতে এগিয়ে গেলে জাহিদও ওই অস্ত্রের আঘাতে আহত হন। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ভোজালি জাতীয় ধারালো অস্ত্রের আঘাতে দুজনের শরীরে ক্ষত হয়েছে। আবিরের ক্ষত গভীর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। অপর আহত জাহিদ চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল ত্যাগ করেছেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
নিজস্ব প্রতিবেদক