চুয়াডাঙ্গার কৃতী পুরুষ বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয় শ্রমিক লীগ ও জাতীয় শ্রমিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতিসংঘে সর্বপ্রথম বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এই স্মরণসভার আয়োজন করা হয়।
জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. মো. সেলিম উদ্দিন এতে সভাপতিত্ব করেন। এদিন পবিত্র কোরআন তিলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তিলওয়াত করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন। এরপর মোহাম্মদ শাহজাহান স্মরণে একমিনিট নীরবতা পালন এবং আত্মার শান্তি কামনায় শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, গণতন্ত্র, মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে মোহাম্মদ শাহজাহানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদের সঞ্চালনায় স্মরণসভায় রাজনৈতিক জীবন, সাংগঠনিক ভূমিকা ও মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, মোহাম্মদ শাহজাহান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এদেশের রাজনৈতিক অঙ্গনে খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা অপরিসীম। তাই তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্মৃতিচারণ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহানের সহোদর মোহাম্মদ তৌহিদ হোসেন, বীরপ্রতীক সাইদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জেলা শাখার সভাপতি ও মোহাম্মদ শাহজাহানের রাজনৈতিক সহকর্মী বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী, জ্যেষ্ঠ আইনজীবী কামরুল আরেফিন, আলমডাঙ্গা উপজেলা জাসদের নেতা মোল্লা গোলাম সরোয়ার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামীম রেজা ডালিম, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দীন, বিপ্লবী গণফ্রন্টের জেলা আহ্বায়ক লিটু বিশ্বাস, জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুল হক মিজান, উদীচী জেলা সংসদের সভাপতি হাবিবি জহির রায়হান, কবি রিগান এস্কান্দার, নারী উদ্যোক্তা জাহানারা খাতুন টগর, লেখক জহির রায়হান, রেজওয়ানুর রহমান মিলন, জেএসডির অন্যতম নেতা লাবলুর রহমান প্রমুখ। এছাড়া এই আয়োজনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশাসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকায় শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে মোহাম্মদ শাহজাহানের সমাধিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পার্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে।
নিজস্ব প্রতিবেদক