জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭১ বোতল ভারতীয় মাদকদ্রব্যের সিরাপ, বিভিন্ন ধরনের ভারতীয় ইমিটেশন গহনা ও ৩০ প্যাকেট কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শনিবার ভোর ৪টার দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৬/১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াপোতা গ্রামের একটি মসজিদের পাশের রাস্তায় অভিযান চালানো হয়। হাবিলদার মো. একলিম হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ৭১ বোতল ভারতীয় উইনসেরেক্স ও ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৭০-আর থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর গ্রামের রানার শিমখেত থেকে ভারতীয় বিভিন্ন ধরনের ইমিটেশন গহনা উদ্ধার করা হয়। হাবিলদার মো. মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মালামাল উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৫/৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হায়দার আলীর আমবাগানে অভিযান চালায় বিজিবি। হাবিলদার মো. মিকাইল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ৩০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
এদিকে, শনিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের রুহুলের বাঁশবাগানে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে বিজিবির নিয়মিত টহল দল তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার রূপসার চর গ্রামের আদম আলী শেখের ছেলে রফিকুল ইসলাম শেখ (৪৫) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার খালকুলা গ্রামের মো. শাহ আলম খানের ছেলে বাসার খান (১৯)। তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদক