দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সবুর মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবপুর গ্রামের কালাম উদ্দীনের ছেলে সবুর আলীর বাড়িতে তাঁর স্ত্রী চুলায় রান্না করছিলেন। এসময় অসাবধানতাবশত পাশের খড়িতে আগুন লেগে যায়। পরে সেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে সবুর আলী আহত হন। পরে তিনি স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন। আহত সবুর আলীকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারটি কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিবেদক দামুড়হুদা