আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা রক্ষা ও যোগ্য প্রার্থী বাছাইয়ে কঠোর বার্তা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, নির্বাচনে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ দলের স্বার্থের বিপক্ষে অবস্থান নিলে তাঁকে ছাড় দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান স্থানীয় নির্বাচন নিয়ে নির্দিষ্ট ফর্মুলা দেবেন, যে কীভাবে মাঠে কাজ করতে হবে। সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ কারও নেই। দলের ভেতরে থেকে যারা মুনাফিকি করবেন বা সিদ্ধান্ত অমান্য করবেন, আমাদের নেতা তারেক রহমান তাঁদের কখনোই ক্ষমা করবেন না।’
তৃণমূলের প্রার্থী নির্বাচন ও পর্যবেক্ষণব্যবস্থার ডিজিটালাইজেশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রত্যেকটি ইউনিয়নের সার্বিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর ডিজিটাল ব্যবস্থায় সংরক্ষিত থাকবে। মাঠপর্যায়ের বাস্তব চিত্র সরাসরি দলীয় হাইকমান্ডের নজরদারিতে রাখার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল কেবল বিজয়ী হওয়ার মতো জনপ্রিয় প্রার্থীদের মূল্যায়ন করবে। দলের যত বড় নেতাই হোন না কেন, তাঁর পরাজয়ের আশঙ্কা থাকলে তাঁকে মনোনয়নের ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে না।
রাজনীতিতে দলীয় বিজয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, ‘আমার দল যদি নির্বাচিত হয়ে সরকার গঠনে বা শক্ত অবস্থানে না থাকে, তবে ব্যক্তি হিসেবে আমি কত বড় নেতা বা কত ভালো মানুষ- তাতে কিছুই যায়-আসে না। দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। ব্যক্তিগত পছন্দের লোক বানিয়ে প্রার্থী দিলেন, অথচ সে ভোটে জিততে পারল না- এমন অপকৌশল দল সহ্য করবে না।’
নেতা-কর্মীদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, ‘আমরা সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যদি দেখা যায় আপনি দলীয় ঐক্যের তোয়াক্কা না করে বিকল্প কিছু করছেন বা বেইমানি করছেন, তবে আমারও আইনি ও রাজনৈতিক অধিকার থাকবে আপনাকে থামানোর।’ মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ অফিস