বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিটের বিদ্যমান ভবনের সঙ্গে নতুন একটি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কোদাল দিয়ে মাটি কেটে এ নির্মাণকাজের উদ্বোধন করেন ইউনিটের চেয়ারম্যান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনকালে শরীফুজ্জামান শরীফ বলেন, মানবিক সেবা ও দুর্যোগকালীন সহায়তায় রেডক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন ভবন নির্মিত হলে সংগঠনটির সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে। মানুষের কল্যাণে রেডক্রিসেন্টের কার্যক্রম সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিট এ নির্মাণকাজ বাস্তবায়ন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মনি, সেলিমুল হাবিব সেলিম, অ্যাডভোকেট শাহজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দার সোনা, মফিজুর রহমান মনা, রউফুন নাহার রিনা, মাসুদুর রহমান বাবু ও আনিসুর রহমান আনিসসহ ইউনিটের অন্যান্য সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক