চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ গ্রাম গাঁজাসহ মো. রকিব হোসেন রাকিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর থানাধীন হকপাড়া গ্রামে এক সাক্ষীর বাড়ির পাশের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রকিব হোসেন রাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার দক্ষিণ হাসপাতালগাড়া গ্রামের লোটন হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর থানা পুলিশের এসআই অনুজ কুমার সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে গ্রেপ্তার রকিবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ও ৩৬(৫) ধারায় সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক