মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর উত্তরপাড়ার একটি সড়কে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যায়। এতে ওই এলাকার শতাধিক পরিবারকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে সড়কের ওপর পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা থাকলেও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
দারিয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাজাহান আলী বলেন, ‘আমি পরপর দুইবার এই ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছি। এলাকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এলজিইডি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাবেক সংসদ সদস্য ও বর্তমান সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট অনেকের কাছে গিয়েছি। অনেকেই সরেজমিনে এসে রাস্তাটি পরিদর্শন করেছেন। কিন্তু এখনো জলাবদ্ধতার সুষ্ঠু কোনো সমাধান হয়নি।’
তিনি আরও বলেন, ‘ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে রাস্তাটিতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা চালু করা প্রয়োজন। বর্তমান সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন- এটাই প্রত্যাশা।’ এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে বর্ষা মৌসুমে তাদের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগের স্থায়ী সমাধান হবে।
মুজিবনগর অফিস