মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমাকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটেছে। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ ধর্মীয় আয়োজনে গতকাল শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। শুক্রবার দিনভর ইজতেমা প্রাঙ্গণে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের ইজতেমা।
গতকাল শুক্রবার দুপুরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় পবিত্র জুমার নামাজ। এতে বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজে অংশ নিতে সকাল থেকেই ইজতেমা মাঠে জড়ো হন ধর্মপ্রাণ মানুষ। এসময় ইজতেমা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহা. আবদুল্লাহ আল আমিন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ইজতেমায় অংশ নেন।
আয়োজকরা জানিয়েছেন, ইজতেমায় আগত মুসল্লিদের সুশৃঙ্খল অবস্থানের জন্য মাঠে জেলা ও এলাকাভিত্তিক পৃথক জায়গার ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা নির্ধারিত স্থানে অবস্থান করছেন। শনিবারের আখেরি মোনাজাতে অংশ নিতে আরও বিপুলসংখ্যক মুসল্লির আগমন ঘটবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠ ও আশপাশের এলাকায় জেলা পুলিশের সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মী এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিন দিনের এ ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে পুরো ইজতেমা প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রতিবেদক মেহেরপুর