রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

কৃষকের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দেওয়ার আহ্বান

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের কৃষি উন্নয়ন, কৃষকের কল্যাণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে কৃষিসেবা আরও কার্যকরভাবে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে। জেলা শাখার সভাপতি আহসান উল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে দেশের কৃষকেরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও সজাগভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের কৃষি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের কৃষিবিষয়ক বিভিন্ন সুযোগ-সুবিধা যাতে প্রকৃত কৃষকের কাছে পৌঁছায়, সে জন্য কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

সারের বিষয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। তবে সুষ্ঠু তদারকির অভাবে কোথাও কোথাও কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি হতে পারে। এ জন্য সার বিতরণ ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি প্রয়োজন।

কৃষকদের পরিমিত ও সঠিক মাত্রায় সার ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অতিরিক্ত সার ব্যবহারের কারণে জমির মাটির গুণগত মান নষ্ট হচ্ছে। কৃষির দীর্ঘমেয়াদি উন্নয়ন ও উৎপাদনশীলতা ধরে রাখতে কৃষকদের সঠিক মাত্রায় সার ব্যবহারে উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে কৃষিবিদদের অনেক ক্ষেত্রেই সঠিকভাবে কাজ করার সুযোগ ছিল না। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে কৃষিসেবা নিশ্চিত করার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসময় চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া বিষাক্ত পার্থেনিয়াম উদ্ভিদ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জেলা পরিষদের প্রশাসক। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ উদ্ভিদের বিস্তার রোধে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সচেতন ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন বলেন, দেশের কৃষি উন্নয়নে ডিপ্লোমা কৃষিবিদেরা সব সময় সরকারের সহযোগী হিসেবে কাজ করে আসছেন। মাঠপর্যায়ে থেকে কৃষকদের দোরগোড়ায় কৃষি উপকরণ, সার, বীজ ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, কৃষির উন্নয়ন ও কৃষকদের কল্যাণে সরকারের সঙ্গে সমন্বয় করে ডিপ্লোমা কৃষিবিদেরা ভবিষ্যতেও কাজ করে যাবেন। কৃষকের উৎপাদন বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং কৃষিকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে মাঠপর্যায়ের কৃষিবিদদের ভূমিকা আরও জোরদার করতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস টি আহমেদ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।

অনুষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স