মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি পরিবারে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। এ জন্য তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সমাজ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকূপায় ‘আগামীর শৈলকূপা’ সামাজিক সংগঠন আয়োজিত আন্তঃইউনিয়ন সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রামাঞ্চলের সরকারি পতিত জলাশয়কে জনকল্যাণে ব্যবহারের একটি ব্যতিক্রমী উদ্যোগের কথা তুলে ধরে আইনমন্ত্রী জানান, বারইপাড়া গ্রামের সরকারি ক্যানাল বা জলাশয়ে ব্যক্তিগত অর্থায়নে মাছের পোনা ছাড়া হচ্ছে। এতে দুটি মূল শর্ত থাকবে- বাণিজ্যিক উদ্দেশ্যে এবং জাল ব্যবহার করে কেউ মাছ ধরতে পারবে না। তবে স্থানীয় গ্রামবাসীরা সারা বছর বরশি বা হাত দিয়ে মাছ ধরে নিজেদের চাহিদা মেটাতে পারবেন। তিনি দেশের অন্যান্য এলাকার সফল ও স্বাবলম্বী ব্যক্তিদের নিজ নিজ গ্রামের পতিত জলাশয়ে এভাবে অর্থায়ন করে গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মেটাতে এগিয়ে আসার আহ্বান জানান।
রাজনৈতিক ও সামাজিক সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, শৈলকূপাকে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কাজের জায়গায় কোনো ভুলত্রুটি হলে নাগরিকরা যেন অতন্দ্র প্রহরীর মতো থেকে তা ধরিয়ে দেন, যাতে নিজেদের সংশোধন করে সঠিক পথে চলা সম্ভব হয়।
ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ অফিস