ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় তিনজন উপকারভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় উপজেলার বল্লভপুর গ্রাম, মোনাখালী ইউনিয়ন ও ভবরপাড়া এলাকার তিনজন উপকারভোগীকে দুটি করে ছয়টি ছাগল প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা, উপজেলা সমাজসেবা অফিসার মাহামুদুল হাসান, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ এবং বাগোয়ান ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মানুষদের সমাজের মূলধারায় ফিরিয়ে এনে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ছাগল পালনসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে উপকারভোগীরা বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং ধীরে ধীরে আর্থিকভাবে স্বচ্ছল হতে পারবেন। সরকার দারিদ্র্য নিরসন এবং ভিক্ষাবৃত্তির মতো অমর্যাদাকর পেশা থেকে মানুষকে ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগীদের টেকসই জীবিকা নিশ্চিত করার পাশাপাশি ভিক্ষাবৃত্তিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মুজিবনগর অফিস