মেহেরপুরজুড়ে গতকাল সোমবার সকাল থেকেই একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে স্থবির হয়ে পড়েছে সাধারণ জনজীবন ও ব্যবসা-বাণিজ্য। বৃষ্টির লুকোচুরি আর শীতল বাতাসে জনপদে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। সরকারি-বেসরকারি অফিস-আদালত ও ব্যাংক খোজা থাকলেও কাক্সিক্ষত সেবাগ্রহীতার দেখা মিলছে না বললেই চলে।
গতকাল সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অবিরাম গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সাধারণ মানুষ ও কর্মজীবী মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যারা দিনমজুর কিংবা ভ্যান-রিকশাচালক, তারা পড়েছেন বিপাকে। বৃষ্টির কারণে সড়কে লোকসমাগম ও যানবাহনের উপস্থিতি বেশ কম লক্ষ্য করা গেছে।
শহরের বড় বাজার, রেজিস্ট্রি অফিস এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায়, অফিস খোলা এবং কর্মকর্তারা উপস্থিত থাকলেও বৃষ্টির কারণে গ্রাহকদের উপস্থিতি নেই বললেই চলে। শহরের দোকানপাট ও শপিংমলগুলোতেও ক্রেতার খরা চলছে। সারাদিন ধরে কেনাবেচা একেবারেই কম হওয়ায় লোকসানের আশঙ্কায় কপালে ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের।
বড় বাজারের কাপড়ের ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই যেভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তাতে দোকানে একজনও ক্রেতা আসেনি। কর্মচারী আর নিজেদের বসে সময় কাটাতে হচ্ছে। এভাবে চলতে থাকলে ব্যবসা পরিচালনা করা খুব কঠিন হয়ে পড়বে।’
এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং এমন আবহাওয়া আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।
প্রতিবেদক মেহেরপুর