‘মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি’- এই স্লোগানে দামুড়হুদা উপজেলার দলকা লক্ষ্মীপুর গ্রামের সর্বস্তরের জনগণের সচেতনতার জন্য মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লক্ষ্মীপুর এলাকাবাসীর উদ্যোগে লক্ষ্মীপুর হাইস্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ-উল-ইসলাম। এসময় তিনি বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, এটি যুবসমাজ ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তিনি মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযানের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মাদক নির্র্মুল শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, তাই পরিবার, অভিভাবক ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মুলে কাজ করতে হবে। কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তরুণ প্রজন্মকে মাদকের পথ থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা এবং ইতিবাচক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর জোর দেওয়া হয়। যেকোনো ধরনের মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান। এসময় তিনি আরও বলেন, আপনারা এলাকার সচেতন নাগরিক হিসেবে কোনো মাদক ব্যবসায়ীকে ধরে আইন হাতে তুলে নেবেন না, সরাসরি পুলিশের কাছে সোপর্দ করবেন। আর আমার পুলিশ ডিপার্টমেন্টের কোনো সদস্য যদি মাদক বিক্রির টাকায় ভাগ নেন, তবে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাউদ্দিন, সমাজসেবা অফিসের কর্মকর্তা রাজিবুল ইসলাম খলিফা, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন জামায়াতে ইসলামির সেক্রেটারি রাশেদুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদক দামুড়হুদা