বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার নান্দাবারে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বোমা বিস্ফোরণ, এলাকায় চরম আতঙ্ক

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৬ ইং
আলমডাঙ্গার নান্দাবারে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বোমা বিস্ফোরণ, এলাকায় চরম আতঙ্ক

আলমডাঙ্গা উপজেলার নান্দাবার গ্রামে হিন্দু সম্প্রদায়ের সদস্য কিরণ সাহার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে যায় এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় হঠাৎ করেই কিরণ সাহার বাড়ির নিকট বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও পরে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত দেখতে পান বলে জানা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


গ্রামবাসীর দাবি, এমন ঘটনা এলাকায় আগে খুব একটা ঘটেনি। ফলে হিন্দু সম্প্রদায়ের পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রাতেই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনার কারণ নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেন।
ঘটনার পর বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কিরণ সাহার পরিবারের পক্ষ থেকে হিরণ সাহা আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান বলে জানা গেছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এ বিষয়ে গাংনী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শিউলি খাতুন জানান, ‘মঙ্গলবার রাতে কিরণ সাহার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সবাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।’ ঘটনার বিষয়ে জানতে চাইলে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কে বা কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন সম্ভব হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা