জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুই রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা ও তিনটি আইডি কার্ড চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতালের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী রাশেদা বেগম (৬০) চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। টিকিট কেটে চিকিৎসকের সিরিয়ালে দাঁড়ানোর পর ডাক্তার দেখিয়ে বের হয়ে তিনি দেখতে পান, তার মেয়েকে দেওয়ার জন্য হাতব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও তিনটি আইডি কার্ড নেই। বিষয়টি বুঝতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।
একই দিনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা নাসরিন খাতুন (২৮) চিকিৎসার পাশাপাশি সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সঙ্গে ১৯ হাজার টাকা নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসকের সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় তার ব্যাগের চেইন খুলে একই কায়দায় চোরেরা সব টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় হাসপাতালজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি হাসপাতালে চুরি ও পকেটমারের ঘটনা বেড়ে গেছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা বলেন, দুই দিন আগেও চোরচক্রের সদস্যরা হাসপাতাল থেকে দুজন চিকিৎসকের মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্তের চেষ্টা চলছে। এছাড়াও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জীবননগর অফিস