শুক্রবার, ১৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মাদক ব্যবসায়ী ও চোর গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৬ ইং
দামুড়হুদায় মাদক ব্যবসায়ী ও চোর গ্রেপ্তার

দামুড়হুদা উপজেলায় পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও এক চুরির মামলার আসামিকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গত বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে। 


গ্রেপ্তারকৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের আনছার আলীর ছেলে সাগর হোসেন (২২), পুরাতন বাস্তপুর গ্রামের আনারুল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (২০), আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর মসজিদপাড়া এলাকার ইজিবাইক চালক রফিকুল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন (২০) এবং দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর (বড় মসজিদপাড়া) এলাকার মৃত লিটনের ছেলে লিমন ওরফে আলফাজ (১৯)।


পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অন্তর্গত কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে রঘুনাথপুর গ্রামের ব্রিজমোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। মাদক কেনাবেচার সময় রঘুনাথপুর গ্রামের সাগর হোসেন (২২) ও পুরাতন বাস্তপুর গ্রামের বিল্লাল হোসেনকে (২০) আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। তল্লাশিকালে সাগর হোসেনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


অপর দিকে, একই দিনে ভাগিরথপুর পুলিশ ক্যাম্পের একটি দল লক্ষীপুর গ্রামের আওলাদপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের উজ্জ্বল হোসেনকে (২০) আটক করে। তার দেহ তল্লাশিকালে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উজ্জ্বল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


এদিকে পৃথক এক অভিযানে চুরির মামলার সন্দেহভাজন আসামি লিমন ওরফে আলফাজকে (১৯) গ্রেপ্তার করা হয়। তিনি দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারিতে একটি বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ওই ঘটনায় প্রায় ১ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা চুরি হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। বুধবার গভীর রাতে বড় দুধপাতিলা এলাকার একটি ড্রাগন বাগান থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় স্থানীয়রা তাকে উত্তম-মাধ্যম দেয়, পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে নেওয়া হয়।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ৩ জন মাদক ব্যবসায়ী ও একজন চোরকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিত চলমান থাকবে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় মাদক ব্যবসায়ী ও চোর গ্রেপ্তার