সোমবার, ১ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২৬ ইং
দামুড়হুদা ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক, মোটরসাইকেল ও পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে এবং অপর এক বন্ধু আহত হয়েছে। অন্যদিকে ঝিনাইদহে পৃথক দুটি দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।


দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার মহাসড়কের জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে ইজিবাইক, মোটরসাইকেল ও পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মেরাজ হোসেন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় তার বন্ধু রাকিব হোসেন (১৪) গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেরাজের মৃত্যু হয়। সে উপজেলার বড় দুধপাতিলা গ্রামের আবু মুসার ছেলে ও দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মেরাজ ও রাকিব মোটরসাইকেলযোগে দামুড়হুদায় যাচ্ছিল। পথে জয়রামপুর কাঁঠালতলায় ইজিবাইক, মোটরসাইকেল ও পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মেরাজ মারা যায়। নিহতের বাবা আবু মুসা বলেন, ‘আমার ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে দামুড়হুদা যাচ্ছিল, পথে এই দুর্ঘটনা ঘটে।’ দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ঝিনাইদহ:
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। এর মধ্যে গত শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাস চাপায় আরজ আলী (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। অন্যদিকে শৈলকুপার গোসাইডাঙ্গা গ্রামে অটোভ্যান চাপায় তিন বছরের শিশু মীম মারা গেছে। নিহত আরজ আলী কোটচাঁদপুর উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনের ছেলে। নিহত শিশু মীম শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙা গ্রামের কবির হোসেনের মেয়ে। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, শহরের শহীদ মিনার চত্বরের সামনে লেন পার হওয়ার সময় একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে আরজ আলী ঘটনাস্থলেই নিহত হন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. তাপস কুমার বলেন, ‘মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় আনা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।’ শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, যাত্রীবাহী একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে খেলতে থাকা শিশু মীমকে ধাক্কা দেয়। শিশুটি অটোভ্যানের চাকায় পিষ্ট হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



কমেন্ট বক্স