ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, মাদক সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭১/৮-এস এর প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের বাশারের আম বাগানে অভিযান চালানো হয়। হাবিলদার মো. ইমরুল হোসেন মল্লিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ এবং ২৭২ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ উদ্ধার করা হয়।
অন্যদিকে গত রোববার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৯/৩-এস এর প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর পাড়া ঈদগাহ মাঠের পশ্চিম পাশের ঘাস বনে অভিযান চালায় বিজিবি। হাবিলদার মো. আরজু মিয়ার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসামীবিহীন ১ হাজার ৫২০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সমীকরণ প্রতিবেদক