চুয়াডাঙ্গায় সাগর নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঈদগাহ পাড়ার সেলিনার গলি থেকে তাকে আটক করে পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি সাগর (২২) চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার মহব্বত আলীর ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গায় গত এক সপ্তাহ ধরে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে সদর থানার পুলিশ। ওই অভিযানের ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ঈদগাপাড়াতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ১ পুরিয়া গাঁজাসহ সাগর নামে ওই যুবককে আটক করে পুলিশ। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। গতকাল রাতেই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, জনস্বার্থে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
নিজস্ব প্রতিবেদক