দর্শনা প্রেসক্লাবে কর্মরত এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দর্শনা প্রেসক্লাবে ঢুকে লাইট বন্ধ করে পরিকল্পিতভাবে সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। ঘটনার কয়েকদিন পার হলেও এখনো জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
প্রতিবাদ সভায় দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ বলেন, ‘সত্য প্রকাশের কারণে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হাতে সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত।’ তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সাল তানজীর বলেন, ‘সাংবাদিকের ওপর হামলা মানে সত্য ও ন্যায়ের ওপর হামলা। এ ধরনের বর্বরতা দিয়ে সাংবাদিক সমাজকে ভয় দেখানোর অপচেষ্টা কখনো সফল হবে না।’ তিনি আরও বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাত প্রায় ১১টার দিকে দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের আতর আলীর ছেলে চঞ্চলসহ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মদ্যপ অবস্থায় প্রেসক্লাবের আশপাশে ঘোরাঘুরি করে এবং সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করে। এসময় প্রেসক্লাবের অফিস সহকারী বিষয়টি দপ্তর সম্পাদক আব্দুল হান্নানকে জানালে তিনি সেখানে গিয়ে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে এক মাদকাসক্ত ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে মাথায় আঘাত করে। পরিস্থিতি খারাপ হলে হান্নান প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নেন। পরে চঞ্চলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল জোরপূর্বক প্রেসক্লাবে ঢুকে তাকে মারধর ও লাঞ্ছিত করে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিবেদক দামুড়হুদা