বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গার ছাত্রদল নেতা সৌরভ নিহত

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৬ ইং
সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গার ছাত্রদল নেতা সৌরভ নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ (৩০)। এ ঘটনায় তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা রিয়া খাতুন নামে এক নারী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ার আসলাম উদ্দিনের ছেলে। আহত রিয়া খাতুন চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের আলিফ উদ্দিনের মেয়ে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে রিয়া খাতুনকে ঝিনাইদহে পৌঁছে দিতে যাচ্ছিলেন সৌরভ। পথে হলিধানী বাজার এলাকায় একটি স্পিড ব্রেকার অতিক্রম করার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় দুজনই সড়কে ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। আহত রিয়া খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার রাজিব চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজন অচেতন ছিলেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অপর নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট তানভীর হাসান জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, স্পিড ব্রেকারের আগে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সৌরভ গুরুতর আহত হন। তাঁর একটি হাত ভেঙে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা এক নারীও আহত হয়েছেন।


তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে সৌরভের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে অতিরিক্ত ফি ও অর্থ আত্মসাতের অভিযোগ