ঝিনাইদহের মহেশপুর বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল সরকার (৫০) ও নুর আলম (৩৫) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। সম্পর্কে মামা ভাগ্নে রফিকুল সরকার ওই গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে এবং নুর আলম একই গ্রামের মৃত আবু সামার ছেলে। গতকাল রোববার দুপুরে মহেশপুর উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিণ্টু বিষয়টি নিশ্চিত করে গতকাল রোববার বিকেলে জানান, রফিকুল সরকার দুপুরে বাগান মাঠ এলাকায় নিজের ধানের জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। এসময় মাঠের মধ্যে একটি মোটরের বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের জমিতে কাজ করা তার ভাগ্নে নুর আলম ঘটনাটি দেখে দৌঁড়ে এসে মামাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে দুজন ঘটনাস্থলেই মারা যান।
এদিকে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা মৃতদেহ সামনে করে মাতম করতে দেখা গেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান দুই কৃষকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত মোটরের লিকেজ বিদ্যুতের তারে জড়িয়ে মামা ভাগ্নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ অফিস