বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়ীয়ায় তিন গোডাউনে অবৈধ সার মজুদ

৮৭৮ বস্তা সার জব্দ, একজন আটক
  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৬ ইং
ভাংবাড়ীয়ায় তিন গোডাউনে অবৈধ সার মজুদ

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে মেসার্স মিনারুল স্টোরের তিনটি গোডাউনে অভিযান চালিয়ে ৮০০ বস্তার বেশি সার জব্দ করেছে পুলিশ। পরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মিনারুল ইসলামের কুটুম জামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৭৮ বস্তা সার উদ্ধার করা হয়। এসময় জামাল হোসেনকে আটক করেছে পুলিশ। সব মিলিয়ে অভিযানে ৮৭৮ বস্তা সার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত মিনারুল ইসলাম পলাতক রয়েছেন।


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা থেকে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মেসার্স মিনারুল স্টোরের তিনটি গোডাউনে অভিযান শুরু করে। রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা প্রথম দফার অভিযানে ৩০০ বস্তা সার জব্দ করা হয়। গোডাউনগুলোতে আরও বিপুল পরিমাণ সার মজুদের তথ্য পাওয়ায় গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮০০ বস্তার বেশি সার উদ্ধার করা হয়।


অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মিনারুল ইসলামের কুটুম জামাল হোসেনের বাড়িতে অভিযান চালায় হাটবোয়ালিয়া ফাঁড়ি ও আলমডাঙ্গা থানা পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৮৭ বস্তা সার উদ্ধার করা হয়। এসময় জামাল হোসেনকে আটক করা হয়। পুলিশের দাবি, কোনো অনুমোদিত সার ডিলার না হয়েও মিনারুল ইসলাম দীর্ঘদিন ধরে সার মজুদ ও বিক্রির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর আগেও তার সার পাচারের সময় দুই দফায় সার জব্দ করা হয়েছিল।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি মিনারুল ইসলামকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তার গোডাউনে বিপুল পরিমাণ সরকারি সার মজুদের তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তিনটি গোডাউন থেকে সার উদ্ধার করা হয়। পরবর্তীতে জামাল হোসেনের বাড়ি থেকেও ৭৮ বস্তা সার জব্দ করা হয়েছে।


এদিকে, অভিযুক্ত মিনারুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি সার অবৈধভাবে মজুদ ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা বণিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ