বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে

চুয়াডাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৬ ইং
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে চুয়াডাঙ্গা শহরে মোটরসাইকেল শোডাউন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। শোডাউনটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে শুরু হয়ে মাছপট্টি, স্টেশন, রেলবাজার, একাডেমি মোড়, নিউমার্কেট, হাসান চত্বর, দৌলতদিয়াড়, বঙ্গজ, চৌরাস্তা মোড়, ভি জে স্কুল রোড, কোর্ট মোড়, নতুন বাজার ও পুলিশ লাইন এলাকা প্রদক্ষিণ করে। পরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহাজান খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোমিন মালিতা। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান। সমাবেশ ও শোডাউন পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ।


এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, সাবেক যুগ্ম সম্পাদক সাইমুজ্জামান মিশা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক শাহাজান আলী সান ও রাশিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক রিফাত উল হক, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুন আহমেদ শান্ত, আইনবিষয়ক সম্পাদক জীবন, সদস্য রাহাত উল হক, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সজল এবং ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকতিয়ার হক স্বপ্নীলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন। দেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় তাঁরা সজাগ রয়েছেন। তাঁরা আরও বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার পরও কেউ কেউ নিজেদের ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এতে তাঁদের আপত্তি নেই। তবে কেউ এ সুযোগে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।



কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা