রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে স্কুলছাত্রী গণধর্ষণ, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২৬ ইং
মহেশপুরে স্কুলছাত্রী গণধর্ষণ, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও মহেশপুর থানা-পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হযরত (১৮) ও আসের আলী রাজুকে (১৮) গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত হযরত উপজেলার বাগদিয়ার আইঠ গ্রামের হাফিজুর রহমানের ছেলে। অপরদিকে আসের আলী রাজু সামন্তা চারাতলা পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।


পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, ঘটনার পরপরই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গত ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলার সামন্তা বাগদিয়ারাইট গ্রামে ওই স্কুলছাত্রীকে পথ থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা হয় এবং পরে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। প্রথমে ঘটনাটি গোপন থাকলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরপর পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে।


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত