চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় বঙ্গজপাড়া এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার পরিচালিত এ অভিযানে দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার বাসিন্দা সানোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। তিনি জানান, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে করে অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা যায়।’
নিজস্ব প্রতিবেদক