ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মরিয়ম খাতুন নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। বাড়ির সামনে রাস্তা পার হতে গিয়ে নসিমন গাড়িতে চাপা পড়ে শিশুটি নিহত হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কালীগঞ্জ থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া চাপরাইল সড়কের ভাটাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম খাতুন (৫) ভাটাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের একমাত্র সন্তান।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল শিশু মরিয়ম। এসময় ইঞ্জিন চালিত দ্রুত গতির একটি নসিমন গাড়ি তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পরে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, শিশুটির মরদেহ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাতক নসিমন গাড়ি ও চালককে আটকের জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
ঝিনাইদহ অফিস