রবিবার, ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

মাদক উদ্ধার, ভারতে যাওয়ার সময় আটক ৫
  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২৬ ইং
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ভারত যাওয়ার সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজিবি জানায়, বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৯-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মতিউর রহমানের দোকানের সামনে তিন রাস্তার মোড়ে হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় মোজাম্মেল হক (২৭) নামে এক ব্যক্তিকে ১০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক মোজাম্মেল হক মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা (জিনজিরাপাড়া) গ্রামের ইউসুফ আলীর ছেলে। তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি একটি মানবপাচার চক্রের সক্রিয় সদস্য এবং মানবপাচার সংক্রান্ত মামলার আসামি।


এদিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৫২/২-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের তোতা মিয়ার ড্রাগন বাগানের পাশ থেকে সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এছাড়া সামন্তা বিওপির পৃথক দুই অভিযানে সীমান্ত পিলার ৫৮/৫-এস সংলগ্ন এলাকা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি ধানক্ষেত থেকে ৩ কেজি এবং একটি ভুট্টাক্ষেত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব অভিযানের নেতৃত্ব দেন হাবিলদার ফরিদুজ্জামান।


অন্যদিকে গত শুক্রবার রাতে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ, দুইজন নারী ও একটি শিশু রয়েছে। আটক দুই পুরুষ হলেন বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার নগরকান্দি গ্রামের ক্লিন্টন বিশ্বাস (৩৩) এবং বরিশালের উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামের হরলাল বেপারী (৪০)। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। 



কমেন্ট বক্স
notebook

গাংনীতে বিশ্বাস পরিবারের উদ্যোগে ইফতার