ঝিনাইদহে সাড়ে ৭ হাজার দরিদ্র-অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও ঝিনাইদহের বিশিষ্ট শিল্প গোষ্ঠী ‘জোহান পরিবারের পক্ষ থেকে ঈদ উপলক্ষে এসব খাদ্য সামগী বিতরণ করা হয়। শহরের আরাপপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জোহান অ্যাগ্রো ও জোহান ড্রিম ভ্যালীর মালিক মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন সকাল থেকেই ঝিনাইদহ শহর ও আশেপাশের এলাকা থেকে কার্ডধারী সুবিধাভোগীরা খাদ্যসামগ্রী বিতরণ স্থলে আসতে শুরু করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল, এক কেজি চিনি ও এক কেজি সেমাই বিতরণ করা হয়। জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, রমজান মাস রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই মাসে প্রতিটি ইবাদত বন্দেগীর সওয়াব বহুগুন বেশি। এ মাসে বেশি বেশি দান-সদকাহ করা উচিত। দরিদ্র মানুষের মুখে সামান্য সুখের হাসি ফোটানো অনেক কঠিন। তবে আমরা চেষ্টা করতে পারি এবং আমরা গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি। আসুন আমরা সকলেই দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াই।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ঈদের খুশি ভাগাভাগি করার জন্য আজকের এই উদ্যোগ। ধনী-গরিব সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সবার প্রতি অনুরোধ জানাবো, আপনারা সাধ্য ও সামর্থ্য অনুযায়ী প্রতিবেশী ও অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিন।
ঝিনাইদহ অফিস