সোমবার, ৯ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে তেল নিয়ে বিবাদ, বৈষম্যবিরোধী কর্মীকে পিটিয়ে হত্যার জেরে

তিন বাসে অগ্নিসংযোগ, পরিবহন শ্রমিকদের অবরোধ
  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০২৬ ইং
ঝিনাইদহে তেল নিয়ে বিবাদ, বৈষম্যবিরোধী কর্মীকে পিটিয়ে হত্যার জেরে

ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নীরবকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয় কয়েকটি পেট্রোল পাম্প। গতকাল রোববার ভোর রাতে কে বা কারা ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা পরিবহনে আগুন দেয়। প্রতিবাদে রোববার সকালে সড়ক অবরোধ করেন বাস শ্রমিকরা। সকালে জেলা ও পুলিশ প্রশাসনের আশ্বাসে পরিবহন শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।


এদিকে, হত্যাকাণ্ডের পর শহরের আরাপপুর এলাকায় সৃজনী ফিলিং স্টেশনে অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের উপস্থিতিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এর আগে সৃজনী এনজিওর মালিক আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ি এবং ইউনিলিভার ডিপোতে হামলা চালানো হয়।


এদিকে, নীরব হত্যার ঘটনায় গতকাল রোববার দুপুরে তার পালিত পিতা শহরের ব্যাপারীপাড়ার আবুল কাশেম বাদী হয়ে চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাবের হাতে আটক ঝিনাইদহ সদর উপজেলার বারোইখালি গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাসিম, আড়ুয়াকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে রমিজুল ও কাস্টসাগরা গ্রামের সফিয়ার রহমানের ছেলে আবু দাউদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


সৃজনী পেট্রোল পাম্পের ক্যাশিয়ার আলামিন শেখ জানান, শনিবার মধ্যরাতে অজ্ঞাতনামা ২০-৩০ জনের একটি দল তাদের পাম্পে আকস্মিক হামলা চালিয়ে পাম্পের মেশিন ভাঙচুর করে। এসময় পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে পাম্পের তিনটি মেশিন গুঁড়িয়ে দেয়। রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নীরব হত্যাকাণ্ডের সঙ্গে এসব হামলার যোগসূত্র থাকতে পারে।


ঝিনাইদহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তানভীর হাসান জানান, রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।


এদিকে ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মীর রাকিব জানান, রোববার বাদ জোহর নিহত নীরবের নামাজে জানাজা শেষে শান্তিপূর্ণ বিক্ষোভ করা হবে। শহরে অব্যাহত ঘটমান বিশৃঙ্খলার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেছেন।


ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফিন জানিয়েছেন, শনিবার রাত দশটার দিকে শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আবুল কাশেমের ছেলে নীরব খুন হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


নীরব হত্যার ঘটনায় রোববার দুপুরে তার পালিত পিতা শহরের বাপারীপাড়ার আবুল কাশেম বাদী হয়ে ৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, নিহত নীরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়ায় পালক পিতা আবুল কাশেমের কাছে বসবাস করতেন এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে তার একটি ফাস্টফুডের দোকান ছিল। শনিবার রাতে তিনি শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গেলে পাম্প কর্মচারীদের সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে তেল নিয়ে বিবাদ, বৈষম্যবিরোধী কর্মীকে পিটিয়ে হত্যার জেরে