চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি হোটেল ও তিনটি ফলের দোকান ও মুদি দোকানসহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহাদ চৌধুরী ও মির্জা শহিদুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত হাজারের সংগ্রাম হোটেলের মালিক শাহিন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় ৪৫ হাজার টাকা, সাদিয়া হোটেলের মালিক জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা, মদিনা হোটেলের মালিক রুবেল মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া নাসিম ফল ভান্ডারকে ২২ হাজার টাকা এবং সোনা মিয়া ফল ভান্ডার ও মুদি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় র্যাব ও পুলিশের একটি দল সহযোগিতা করে। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক হিজলগাড়ি