ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ১২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী মন্ডলতোলা গ্রামের রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে অভিযান চালায়। এ সময় একটি খড়কুটোর স্তূপের মধ্যে লুকানো অবস্থায় ১২টি ককটেল উদ্ধার করা হয়।
হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার জানান, উদ্ধারকৃত ককটেলগুলো তাজা ছিল এবং তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারত। উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১২টি ককটেল থানায় জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে কারা, কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে লুকিয়ে রেখেছিল—তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঝিনাইদহ অফিস