ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেছেন, ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এই আমানত খেয়ানত করা যাবে না। তিনি ৫ আগস্টের পর হাটবাজার দখলকারীদের হুঁশিয়ার করে বলেছেন, দলে চাঁদাবাজি আর চলবে না। যারা আওয়ামী লীগের নামে মামলা দিয়ে চাঁদাবাজি করেছেন তাদেরও দলে ঠাঁই হবে না। কালীগঞ্জে জননেতা তারেক রহমানের নির্দেশিত পরিচ্ছন্ন বিএনপি গড়ে তোলা হবে।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের প্রার্থী রাশেদ খান গতকাল বুধবার বিকেলে কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে বিএনপির বিশাল নির্বাচনী সমাবেশ বক্তৃতা দানকালে এসব কথা বলেন।
রাশেদ খাঁন আরও বলেন, তিনি নির্বাচিত হলে কালীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও ভঙ্গুর যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোনো রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে।
সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন। ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যা বলে কোনো রকম ফায়দা নেওয়ার চেষ্টা করলে তাকে ঝেঁটিয়ে বিদায় করবেন।
বিএনপি থেকে বহিষ্কার স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও মানসিকতার কোনো উন্নয়ন হয়নি। মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। যারা এমন অভিনয় করে ভোট চাইতে যাবেন আপনারা তাকে ঝেঁটিয়ে বিদায় করবেন।
বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আজকের সমাবেশ শুরু হওয়ার আগেই শহরের প্রতিটি এলাকা হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কানায় কানায় ভরে ওঠে। লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও অন্যান্যের মধ্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন, বিএনপি নেতা আব্দুল আলিম, মোজাম্মেল হোসেন ও বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হামিদুল ইসরাম হাামিদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দেবেন। দেশের উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করতে চাই।
ঝিনাইদহ অফিস