মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ ও অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিজিবি। বিজিবি জানায়, গত বুধবার রাতে ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাকরধ্বাজপুর গ্রামের মো. তোতা মিয়ার ড্রাগন বাগানে অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. মাইন উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামীবিহীন ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন সকাল গতকাল বৃহস্পতিবার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৯/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর পাড়া কাঁচা রাস্তার পার্শ্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. ইয়ার আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামীবিহীন ১০১০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সমীকরণ প্রতিবেদক