জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলায় দুষ্কৃতকারীদের নাশকতা সৃষ্টির আশঙ্কার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে থানা থেকে লুট হওয়া একটি মাল্টি ইমপ্যাক্ট সাউন্ড গ্রেনেড, একটি ককটেল ও একটি র্যান্ডম মুভ টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর এলাকায় ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. রুবেল হোসেনের বসতবাড়ি থেকে উল্লিখিত বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, উদ্ধারকৃত টিয়ার গ্যাস গ্রেনেডটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত সরঞ্জামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, এগুলো গত বছরের জুলাই মাসে সংঘটিত আন্দোলনকালীন সহিংসতার সময় বিভিন্ন থানা থেকে হারিয়ে যাওয়া বা লুট হওয়া অস্ত্র-সরঞ্জামের অংশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. রুবেল হোসেন গত বছরের জুলাই আন্দোলনের সময় সহিংস কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি পূর্বে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ছিলেন। অভিযান শেষে জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঝিনাইদহ অফিস