ঝিনাইদহের কালীগঞ্জে খাবারের বিল চাওয়াকে কেন্দ্র করে এক হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ওই ব্যবসায়ী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী সুমন মিয়া (৪০) শহরের ফয়লা গ্রামের মৃত আবদি মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকার নিউ থ্রি স্টার দধি ভান্ডার নামের একটি খাবার হোটেলের মালিক।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ শহরের ওবাইদুল্লাহ (১৯), আব্দুল্লাহ (২১), সিফাত (২০), ইব্রাহিম (২০), সাজুসহ (২২) কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে হোটেলে খাওয়া-দাওয়া করলেও বিল পরিশোধ না করে চলে যেতেন। গত শনিবার বেলা ১১টার দিকে তারা হোটেলে খাওয়ার পর পুনরায় বিল না দিয়ে চলে যেতে চাইলে হোটেল মালিক তাদের কাছে খাবারের বিল দাবি করেন। এসময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে হোটেল ব্যবসায়ীকে হুমকি-ধমকি দিয়ে চলে যায়। ওই ঘটনার পরে একই দিন রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা সঙ্ঘবদ্ধ হয় দেশীয় অস্ত্রশস্ত্রসহ হোটেলে এসে হোটেল মালিককে গালিগালাজ শুরু করে।
এসময় হোটেলের মালিক প্রতিবাদ করলে অভিযুক্তরা হাতুড়ি ও লোহার রড দিয়ে হোটেল মালিক সুমন মিয়াকে এলোপাতাড়ি মারধর করে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। এসময় অভিযুক্ত আব্দুল্লাহ ও ইব্রাহিম হোটেলের ক্যাশ ড্রয়ার থেকে নগদ এক লাখ পনের হাজার টাকা লুট করে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে আহত সুমন মিয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, হোটেল মালিককে মারধর ও অর্থ লুট করার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহ অফিস