আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ও চুয়াডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ও রাত আটটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ আমরা এখানে সমবেত হয়েছি দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন প্রতীক। তার পুরো রাজনৈতিক জীবন কেটেছে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে।’
তিনি আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া বারবার এই জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বাস করতেন- এই দেশের প্রকৃত শক্তি জনগণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত কয়েক বছর ধরে দেশে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিরোধী মতকে দমন করা হয়েছে। এ অবস্থার বিরুদ্ধে যিনি সবচেয়ে সাহসিকতার সঙ্গে কথা বলেছেন, তিনি ছিলেন বেগম খালেদা জিয়া।’
শরীফুজ্জামান বলেন, ‘মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের মাধ্যমে তাকে ঘরে বন্দি রাখা হয়েছিল। তারপরও তিনি কখনো আপস করেননি, মাথানত করেননি। তার সেই ত্যাগ ও দৃঢ়তা আজ দেশের গণতন্ত্রকামী মানুষকে অনুপ্রাণিত করে।’ তিনি আরও বলেন, ‘আজকের এই দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়। এটি আমাদের অঙ্গীকার- আমরা দেশনেত্রীর আদর্শ থেকে একচুলও সরে যাব না। জনগণের ভোটের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।’
বিএনপি নেতা শরীফুজ্জামান বলেন, ‘আমরা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গাসহ সারাদেশের মানুষের কাছে আহ্বান জানাই- আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ভয় নয়, সাহস নিয়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়ান। দেশনেত্রী খালেদা জিয়ার আত্মত্যাগই আমাদের প্রেরণা।’ বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এ দেশকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার তৌফিক আমাদের সবাইকে দান করেন- এই দোয়া করি।’
কালিদাসপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এলাকার কৃতী সন্তান আলহাজ্ব নাসিরউদ্দিন বিশ্বাস। অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়নের কৃতী সন্তান আতিয়ার রহমান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আরিফুজ্জামান আরিফ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব রাসেল আহমেদ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
অপর দিকে, চুয়াডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ডের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন মন্ডল। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ইমরুল হাসান মুকুল, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন বিশ্বাস, ইয়াছিন হাসান কাকন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লালের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল্লাহ।
নিজস্ব প্রতিবেদক