তীব্র শীতে বিপর্যস্ত সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনবিার চুয়াডাঙ্গার দামুড়হুদা ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক কর্মসূচির মাধ্যমে শত শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দামুড়হুদা সীমান্তে তীব্র শীতে অসহায় হয়ে পড়া সীমান্তবাসীর মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সীমান্ত ব্যাংক, পিএলসি। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় সীমান্তবর্তী বড়বলদিয়া এলাকার কয়েকশ হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া স্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সীমান্ত ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এলাকার ৩০০ জন শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। তিনি বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি যেমন দায়িত্ব পালন করছে, তেমনি সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই কনকনে শীতে সীমান্ত ব্যাংকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সীমান্ত ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক সৈকত হাসান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ, সুবেদার মেজর গোলাম গাউস, বড় বলদিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ সহিদুল ইসলাম প্রমুখ।
সীমান্ত ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক সৈকত হাসান জানান, সীমান্তবর্তী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সীমান্ত ব্যাংক কাজ করে যাচ্ছে। তীব্র শীতের এই মৌসুমে গ্রামীণ জনপদের দুস্থ মানুষের কষ্ট লাঘবে তাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের পক্ষ থেকে সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ১২৫ জনের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করে বিজিবি। গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, শনিবার বিকাল সাড়ে ৪টায় মহেশপুর সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বিজিবি। খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম (পিবিজিএম)।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বাঘাডাঙ্গা বিওপির কোম্পানী কমান্ডার ও খোসালপুর বিওপি কমান্ডার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি সন্তোষ প্রকাশ করেন।
সমীকরণ প্রতিবেদক