ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা বাজারে মাইক্রোবাস-ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুক্তার হোসাইন (৪০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের আলিবর্দি শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী আশিকুজ্জামান জানান, সন্ধ্যায় পল্লী চিকিৎসক মুক্তার হোসাইন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে ঝিনাইদহ থেকে গ্রামে ফিরছিলেন। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরিতদিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ভ্যানের ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুক্তার হোসাইনকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন বলেন, মুক্তার হোসেন হাসপাতালে আসার আগেই মারা গেছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, মাইক্রোবাসের অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
ঝিনাইদহ অফিস