ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার খোশালপুর গ্রামের আনারুল হকের ছেলে। ঝিনাইদহ ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জুয়েল রানা বাড়ি থেকে শূন্য লাইনের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠে গরুর ঘাস কাটতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে বিজিবিকে বিষয়টি জানান। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অনুসন্ধান চালিয়ে ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনাস্থল থেকে নিহত জুয়েলের ব্যবহৃত প্যান্ট ও শার্ট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি নদীতে পড়ে পানিতে ডুবে মারা যেতে পারেন বলে জানান বিজিবি অধিনায়ক। নিহতের চাচা আশারুল হক জানান, জুয়েলের পিতাও মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজাদুর রহমান সাজ্জাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের শরীরের কয়েকটি স্থানে চামড়া উঠে যাওয়ার মতো ক্ষত রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঝিনাইদহ অফিস