মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বিল্লাল হোসেন ওরফে কটা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার যতারপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে যতারপুর গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তার শয়নকক্ষের ওয়ারড্রোব তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।সামরিক সূত্র ও স্থানীয়দের দাবি, আটক বিল্লাল হোসেন ওরফে কটা এলাকায় অনলাইন জুয়ার অন্যতম প্রধান হোতা হিসেবে পরিচিত। অনলাইন জুয়া সংক্রান্ত একাধিক অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। একই ধরনের অভিযোগে তাকে ঢাকায় সিআইডি কার্যালয়ে তলব করা হয়েছিল বলেও জানা গেছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মুজিবনগর থানায় মামলার হয়েছে।
মুজিবনগর অফিস