রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পৃথক সড়ক ঘটনায় দুজন নিহত

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৬ ইং
ঝিনাইদহে পৃথক সড়ক ঘটনায় দুজন নিহত

ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ট্রাকের চাপায় এক বৃদ্ধা নিহত হন এবং একই জেলার শহরের পবহাটী সিটি মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান এক সবজি বিক্রেতা। জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় ট্রাকের চাপায় রিনা খাতুন (৬৫) নামে এক নারী নিহত হন। তিনি সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বড়খাজুরা গ্রামের বাসিন্দা ও সবুর মন্ডলের স্ত্রী।


নিহতের স্বজনরা জানান, রিনা খাতুন সন্ধ্যার দিকে বাড়ি থেকে মেয়ের বাড়ি সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে গোয়ালপাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাগুরাগামী একটি সবজি বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে আনার আগেই রিনা খাতুনের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে, এর আগের দিন গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটী সিটি মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় বিমল বিশ্বাস (৬০) নামে এক সবজি বিক্রেতা নিহত হন। তিনি পবহাটী সিটি মোড় এলাকার অনিল বিশ্বাসের ছেলে।


হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয়ী বিশ্বাস জানান, দোকান বন্ধ করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে আরাপপুরগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব চক্রবর্তী জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বিমল বিশ্বাসের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, ট্রাকচাপার ঘটনায় ঘাতক যান শনাক্তের চেষ্টা চলছে। মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত