চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া এলাকায় ভ্যান চালকের ভ্যান ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী রোকনুজ্জামান (৩৬) চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রোকনুজ্জামান গাড়াবাড়িয়া থেকে মাখালডাঙ্গা যাচ্ছিলেন। অভিযোগে বলা হয়, পথে দুইজন ব্যক্তি যাত্রী সেজে তাকে থামাতে বললে ভ্যান চালক থামেন। হঠাৎ তারা ভ্যানের চাবি নিয়ে ধাক্কা দিয়ে রোকনুজ্জামানকে মাটিতে ফেলে দেয়। একজন রশি দিয়ে হাত-পা বাঁধার চেষ্টা করলেও রোকনুজ্জামান প্রাণে বাঁচতে কৌশলে মুক্ত হয়ে দৌড়ে চলে যান।
ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়দের সঙ্গে ফিরে দেখেন, ভ্যানটি আর সেখানে নেই। রোকনুজ্জামান জানিয়েছেন, এই ভ্যানই তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম, তাই হঠাৎ এমন ঘটনায় তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
সমীকরণ প্রতিবেদক