ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। গত ২৮ ও ২৯ ডিসেম্বর জেলার চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপির প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, জামায়াতে ইসলামীর এস এম মতিউর রহমান, বাম জোটের শহিদুল ইসলাম পল্লব, এবি পার্টির অ্যাডভোকেট মতিয়ার রহমান, এনসিপির অ্যাডভোকেট লাবাবুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর আলম বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে বিএনপির অ্যাডভোকেট আব্দুল মজিদ, জামায়াতের সহকারী অধ্যাপক আলী আজম মো. আবু বকর, বাসদের অ্যাডভোকেট আসাদুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের মো. মুমতাজুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। ঝিনাইদহ-৩ আসনে বিএনপির মেহেদি হাসান রনি এবং জামায়াতের অধ্যাপক মতিউর রহমান মনোননপত্র জমা দিয়েছেন।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান, জামায়াতের মাওলানা আবু তালেব এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ফিরোজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও জাতীয় পার্টিসহ আরও কয়েকজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন দুই প্রার্থী।
এদিন বেলা আড়াইটার দিকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান তার মনোনয়নপত্র জমা দেন। এসময় ঝিনাইদহ-১ আসনের বিএনপির প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ঝিনাইদহ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা দেড়টার দিকে একই আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি কালীগঞ্জবাসীর ওপর আস্থাশীল। জনগণের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর ওপর ভরসা করে নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ কালীগঞ্জের সাধারণ মানুষের জয় হবে। অপর দিকে, মনোনয়নপত্র জমা শেষে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে কালীগঞ্জে পাঠিয়েছেন। আমি তার প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। ধানের শীষের ভোটার ও কালীগঞ্জের আপামর জনগণ আমাকে সমর্থন দেবেন বলে বিশ্বাস করি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঝিনাইদহের উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।
ঝিনাইদহ অফিস