রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানকে মনোনয়ন দেয়ায় নাকে খৎ দিয়ে দলত্যাগ করলেন বিএনপি কর্মী

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২৫ ইং
ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানকে মনোনয়ন দেয়ায় নাকে খৎ দিয়ে দলত্যাগ করলেন বিএনপি কর্মী

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে রাশেদ খানকে ধানের শীষের মনোনয়ন দেয়ায় নাকে খৎ দিয়ে বিএনপি ত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির এক স্থানীয় কর্মী। ওই কর্মীর নাম সাকিব হোসেন। তিনি উপজেলা বিএনপির কর্মী। সম্প্রতি কালীগঞ্জ শহরের সোনালী ব্যাংকের পিছনে ওই কর্মী নাকে খৎ দিয়ে দলত্যাগের ঘোষণা দেন। ওই ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব হোসেন নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করেন। পাশাপাশি তিনি বিএনপির সক্রিয় কর্মী। সম্প্রতি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপি থেকে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেয় বিএনপি। এ ঘটনায় কালীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেন।


নাকে খৎ দেওয়া সাকিব হোসেন বলেন, ‘কালীগঞ্জের বিএনপির তিনজন হেভিওয়েট প্রার্থী ছিল। তারা দুর্দিনে দলের নেতা-কর্মীদের পাশে ছিল। কিন্তু রাশেদ খান হুট করে বিএনপিতে ঢুকে পড়েছে। তাকে কালীগঞ্জের কেউ চিনেন না। দল যেহেতু দুর্দিনের নেতাদের মূল্যায়ন করেনি, সেই ক্ষোভ থেকেই আমি নাকে খৎ দিয়ে বিএনপি ত্যাগ করেছি।’


সাকিব হোসেন আরও বলেন, ‘দলের হাইকমান্ডকে অনুরোধ করব- এখনো সময় আছে এই আসনে দলের দুর্দিনের নেতাদের মূল্যায়ন করা হোক। তা না হলে আমার মতো হাজার হাজার নিবেদিত কর্মী ভোট দেবে না।’ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, কালীগঞ্জের তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা চরম হতাশায় ডুবে গেছে। দলের দুর্দিনের কান্ডারিরা বঞ্চিত হয়েছেন। সাধারণ ভোটাররা ক্ষুব্ধ। তারা কালীগঞ্জবাসীর বিপদে আপদে পাশে থাকা নেতাদের ভোট দিতে চায়। দল যেহেতু নিবেদিত প্রার্থীদের মূল্যায়ন করেনি, সেহেতু সাধারণ ভোটাররাই তাদের সিদ্ধান্ত নেবে। সাকিবের মতো হাজারো কর্মী আজ ব্যথিত।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত