ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবী ছাত্র-জনতার সংহতি প্রকাশের অংশ হিসেবে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। ‘ভারতীয় আগ্রাসন বিরোধী বিপ্লবী ছাত্র-জনতা’-র ব্যানারে আয়োজিত এ জানাজায় স্থানীয় সাধারণ মানুষ ও ছাত্র সমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
জানাজা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর ওপর চালানো এই বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতা আজ ঐক্যবদ্ধ। তারা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বক্তারা আরও বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ও আগ্রাসী নীতি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: