ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় পৃথক মাদক বিরোধী ও সীমান্ত নিরাপত্তা অভিযানে বিপুল পরিমাণ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় নারী-শিশুসহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি জানায়, গত বুধবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা লড়াইঘাট গ্রামের পবনের বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করা হয়। সুবেদার মো. আলী হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই মাদক বিরোধী অভিযানে আসামিবিহীন ২৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা খোসালপুর গ্রামের মো. আজিজুলের মেহগুনি বাগান থেকে নিয়মিত টহল পরিচালনার সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে একজন পুরুষ, একজন নারী ও একজন শিশুসহ মোট তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। হাবিলদার মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটককৃতদের পরবর্তীতে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়া একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা শ্রীনাথপুর মাঠপাড়া গ্রামের ইউসুফের লিচু বাগান থেকে নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় একজন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। হাবিলদার মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটককৃত নারীকে পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থা, যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন