মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বদরগঞ্জ কলেজ মাঠে এই ক্রিকেট খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ সরকারি নরুন্নেহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুষেন্দু ভৌমিক। সাধুহাটি তারুণ্যের অগ্রযাত্রার প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান মিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও বদরগঞ্জ বাকী বিল্লাহ (রহ.) কামেল মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন অতিথি হিসেবে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সুষেন্দু ভৌমিক বলেন, ‘এখানে শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করতে সমবেত হইনি। আমরা একত্রিত হয়েছি একটি মহান অঙ্গীকার বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো: মাদক মুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণ।’
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি দলগত ঐক্যের, শৃঙ্খলাবোধের এবং প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধার এক অনন্য পাঠশালা। এই টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত, প্রতিটি বল ও প্রতিটি রান আমাদের তরুণদের নিয়মানুবর্তিতা ও সময়জ্ঞান যা তাদের জীবনকে সুশৃঙ্খল করতে শেখাবে।
বদরগঞ্জ বাকী বিল্লাহ (রহ.) কামেল মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমীন বলেন, আমরা বিশ্বাস করি, খেলাধুলার এই আলোকরশ্মি তরুণদের মন থেকে মাদকের অন্ধকারকে দূর করবে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। উদ্বোধনী খেলায় রাঙ্গিয়ারপোতা ও এনায়েতপুর ক্রিকেট টিম অংশ গ্রহণ করে।
ঝিনাইদহ অফিস